লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফের চেষ্টা

প্রকাশিত: 05 জুন 2026

11 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

লালমনিরহাট ও নওগাঁর পৃথক দুটি সীমান্ত এলাকায় নারী, পুরুষ ও শিশুসহ মোট ২৭ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনগণের সতর্ক অবস্থানের কারণে এসব প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট কামাতটারি সীমান্তে শুক্রবার ভোরে ১০ জনকে পুশইনের চেষ্টা করা হয় বলে জানিয়েছে বিজিবি।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, সীমান্তের ৮৪৬ নম্বর প্রধান পিলারের উপপিলার এলাকায় ভারতীয় ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা চালায়। তবে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি ও টহলের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।

তিস্তা ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ পানবাড়ী বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মিজানুর রহমান জানান, ভোররাতে পুশইনের চেষ্টা হলেও বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে সংশ্লিষ্ট ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছে।

এদিকে নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তেও গভীর রাতে ১৭ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে ২৩৭ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন চকচকির বিল এলাকার লোহার সেতুর পাশ দিয়ে ওই ব্যক্তিদের বাংলাদেশের দিকে পাঠানো হয়। পরে তারা ধানক্ষেত অতিক্রম করে প্রায় সাত কিলোমিটার পথ হেঁটে ভোরে কলমুডাঙ্গা চৌমুহনী এলাকায় পৌঁছায়।

স্থানীয় বাসিন্দারা বিষয়টি বিজিবিকে জানালে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। পরে তাদের সীমান্ত এলাকায় ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিলে বিএসএফ সদস্যরা আপত্তি জানায় বলে অভিযোগ রয়েছে।

সর্বশেষ পাওয়া তথ্যে জানা যায়, সীমান্তের শূন্যরেখা এলাকায় বিজিবি ও বিএসএফ সদস্যরা অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সেখানে শিশুসহ ১৭ জন অপেক্ষমাণ অবস্থায় রয়েছে।

সীমান্ত সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্তে পুশইনের অভিযোগ বৃদ্ধির প্রেক্ষাপটে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনগণও সীমান্ত নিরাপত্তায় সহযোগিতা করছে।

তবে এ বিষয়ে বিএসএফের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman