দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
রাজধানীর বাড্ডায় চিপস তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই কর্মচারীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে পূর্ব বাড্ডার কবরস্থান রোড এলাকার মারিয়া আব্দুল্লাহ ফুড নামের টিনশেড কারখানায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মোস্তফা (২১) ও মাহমুদুল হাসান (২৩)।
ফায়ার সার্ভিস ও পুলিশের তথ্য অনুযায়ী, রাত আনুমানিক দুইটার দিকে কারখানাটিতে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। টিনশেড ভবনের ভেতরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় শ্রমিকদের বের হওয়ার সময় কমে যায়।
কারখানার কর্মচারীরা জানান, রাতের কাজ শেষে প্রায় ১০ জন শ্রমিক দ্বিতীয় তলায় ঘুমিয়ে ছিলেন। ধোঁয়া ও তাপের কারণে ঘুম ভেঙে গেলে সবাই দ্রুত নিচে নেমে বাইরে বের হওয়ার চেষ্টা করেন। তবে মোস্তফা ও মাহমুদুল ভেতর থেকে বের হতে পারেননি। পরে আগুন নিয়ন্ত্রণে আনার পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বাড্ডা থানার পরিদর্শক মো. আজহারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে শর্টসার্কিটকে আগুনের কারণ হিসেবে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
নিহত দুই শ্রমিকই রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বাসিন্দা। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে টিনশেড কারখানাগুলোতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের মতে, নগরীর ঘনবসতিপূর্ণ এলাকায় ছোট খাদ্য প্রক্রিয়াজাত কারখানায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে।
হাসপাতাল সূত্র জানায়, মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
