লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ভিসার শর্ত নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

প্রকাশিত: 05 সেপ্টেম্বর 2026

37 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের ভিসার শর্ত ও বিধিনিষেধ মেনে চলার বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় দেওয়া এক বার্তায় ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে কোন ধরনের কর্মকাণ্ড অনুমোদিত নয় তা তুলে ধরা হয়েছে।

দূতাবাসের বার্তায় বিশেষভাবে বলা হয়েছে, শিশুর জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া বা তথাকথিত ‘জন্ম পর্যটন’ বি১/বি২ ভিসার আওতায় অনুমোদিত নয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সরকারি নির্দেশনাতেও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে শিশুর নাগরিকত্ব পাওয়াই যদি ভ্রমণের প্রধান উদ্দেশ্য হয় তাহলে তা ভিজিটর ভিসার জন্য গ্রহণযোগ্য ভিত্তি নয়।

বি১/বি২ ভিসা মূলত সাময়িক ব্যবসায়িক কার্যক্রম ও পর্যটনের জন্য ব্যবহৃত হয়। পর্যটনের ক্ষেত্রে অবকাশযাপন, আত্মীয়স্বজন বা বন্ধুদের সঙ্গে দেখা করা এবং চিকিৎসার মতো কার্যক্রম অনুমোদিত। ব্যবসায়িক ভ্রমণে সম্মেলন, বৈঠক, পরামর্শ বা চুক্তি নিয়ে আলোচনার মতো নির্দিষ্ট কর্মকাণ্ড করা যায়।

তবে এই ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে কোনো নিয়োগকর্তার অধীনে চাকরি করা বা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করা যাবে না। মার্কিন পররাষ্ট্র দপ্তর স্পষ্টভাবে জানিয়েছে, ভিজিটর ভিসায় কর্মসংস্থান অনুমোদিত নয়। বি১ ভিসায় কিছু নির্দিষ্ট ব্যবসায়িক কার্যক্রম করা গেলেও তা যুক্তরাষ্ট্রে নিয়মিত চাকরি বা শ্রমের সমতুল্য হতে পারে না।

শিক্ষার ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট বিধিনিষেধ। বি১/বি২ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ডিগ্রি বা একাডেমিক কৃতিত্ব অর্জনের উদ্দেশ্যে পড়াশোনা করা যায় না। পূর্ণকালীন শিক্ষার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থী ভিসা নিতে হয়। তবে পর্যটনের অংশ হিসেবে স্বল্পমেয়াদি ও সনদবিহীন বিনোদনমূলক কোনো কোর্স করা যেতে পারে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, ভ্রমণের উদ্দেশ্য পরিবর্তিত হলে নির্দিষ্ট পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ব্যক্তি বৈধ প্রক্রিয়ায় ভিসার ধরন বা অবস্থানের মর্যাদা পরিবর্তনের আবেদন করতে পারেন। তবে নতুন উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভিসা ও অভিবাসন বিধি অনুসরণ করা জরুরি।

মার্কিন সরকারের তথ্য অনুযায়ী, ভিজিটর ভিসায় ভ্রমণের ক্ষেত্রে আবেদনকারীকে ভ্রমণের উদ্দেশ্য, যুক্তরাষ্ট্রে অবস্থানের পর নিজ দেশে ফেরার অভিপ্রায় এবং ভ্রমণের ব্যয় বহনের সক্ষমতা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ দিতে হতে পারে। ভিসা পাওয়ার পরও যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে সঠিক তথ্য দেওয়া গুরুত্বপূর্ণ।

বাংলাদেশি নাগরিকদের উদ্দেশে দেওয়া সাম্প্রতিক সতর্কবার্তায় তাই ভিসা পাওয়ার পরও এর নির্ধারিত শর্ত মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছে মার্কিন দূতাবাস। ভিসার ধরন ও ভ্রমণের উদ্দেশ্যের মধ্যে অসামঞ্জস্য থাকলে জটিলতা তৈরি হতে পারে। ফলে যুক্তরাষ্ট্র ভ্রমণের আগে সংশ্লিষ্ট ভিসার অনুমোদিত ও নিষিদ্ধ কর্মকাণ্ড সম্পর্কে সরকারি নির্দেশনা ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman