লোড হচ্ছে...
লোড হচ্ছে...

কুষ্টিয়ায় ২ বাসের সংঘর্ষ, নিহত অন্তত ১, আহত অর্ধশত

প্রকাশিত: 31 মে 2026

15 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় প্রশিক্ষণার্থী সেনাসদস্য বহনকারী একটি বাস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

রোববার দুপুর ১২টার দিকে উপজেলার তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বগুড়া থেকে খুলনাগামী ৩৯ জন প্রশিক্ষণার্থী সেনাসদস্য বহনকারী একটি বাসের সঙ্গে কুষ্টিয়া থেকে টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি বাসই সড়কের পাশের ঢালে নেমে কাত হয়ে পড়ে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. ইকবাল হাসান জানান, দুর্ঘটনায় আহত হয়ে অন্তত ৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আরও কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আহতদের মধ্যে আটজন নারী রয়েছেন। অধিকাংশ আহত ব্যক্তি প্রশিক্ষণার্থী সেনাসদস্য। তবে বর্তমানে তাদের সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তিনি।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, বিপরীত দিক থেকে আসা দুটি বাসের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি লিচুবাহী পিকআপকে সাইড দিতে গিয়ে বাস দুটির মধ্যে সংঘর্ষ হয়। তবে প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, মহাসড়কে ওভারটেকিং এবং সংকীর্ণ স্থানে যানবাহন নিয়ন্ত্রণে ব্যর্থতা এখনো বড় ঝুঁকি হিসেবে রয়ে গেছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে চালকদের সতর্কতা ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও জোরদার করা প্রয়োজন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman