লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ট্রাভেল পারমিটে ভারত থেকে ফিরলেন ৫০ বাংলাদেশি, বেনাপোল সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর

প্রকাশিত: 06 জুলাই 2026

13 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক থাকার পর ট্রাভেল পারমিটের মাধ্যমে ৫০ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। রোববার রাত প্রায় ৯টায় বেনাপোল-পেট্রাপোল সীমান্তের শূন্যরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের বর্ডার গার্ড বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

হস্তান্তর প্রক্রিয়ার সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি ইমিগ্রেশন পুলিশ এবং সংশ্লিষ্ট সরকারি ও মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সীমান্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতে তামিলনাড়ুর বিভিন্ন এলাকা থেকে আটক এসব বাংলাদেশিকে সালেম জেলার আট্টুর মহকুমার একটি বিশেষ হেফাজতকেন্দ্রে রাখা হয়েছিল। পরে তাদের নাগরিকত্ব যাচাই এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রত্যাবাসনের সিদ্ধান্ত নেয় ভারতীয় কর্তৃপক্ষ।

গত ৩ জুলাই কঠোর নিরাপত্তার মধ্যে তিনটি বিশেষ পুলিশ ভ্যানে করে তাদের তিরুচিরাপল্লি রেলস্টেশনে নেওয়া হয়। সেখান থেকে ট্রেনে পশ্চিমবঙ্গে আনার পর পেট্রাপোল সীমান্তে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। পরে দুই দেশের প্রচলিত প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণ করে ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়।

বেনাপোল ইমিগ্রেশন সূত্র জানায়, দেশে ফেরা ৫০ জনের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ৬ জন নারী। তাদের বেশির ভাগই যশোর, সাতক্ষীরা, খুলনা, নড়াইলসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। প্রত্যেকের জন্য পৃথক ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছে। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাগরিকত্ব যাচাই সম্পন্ন হওয়ার পরই প্রত্যাবাসন কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন, ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে গ্রহণের পর প্রত্যেকের পরিচয় ও ঠিকানা পুনরায় যাচাই করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ হলে তাদের নিজ নিজ পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, ইমিগ্রেশন সংক্রান্ত কার্যক্রম শেষ হওয়ার পর তাদের থানায় নেওয়া হবে। এরপর স্থানীয় বেসরকারি সংস্থার সহায়তায় প্রত্যাবাসিত ব্যক্তিদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

যশোরভিত্তিক মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের স্বেচ্ছাসেবক শফিকুল ইসলাম জানান, দেশে ফেরা ব্যক্তিরা বিভিন্ন সময়ে দালালের প্রলোভনে ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হন। সেখানে দুই থেকে পাঁচ বছর পর্যন্ত কারাভোগের পর তারা ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন। আইনি প্রক্রিয়া শেষ হলে জাস্টিস অ্যান্ড কেয়ার ২৫ জন এবং রাইটস যশোর বাকি ২৫ জনকে গ্রহণ করে তাদের পরিবারের কাছে পৌঁছে দেবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রত্যাবাসিতদের পুনর্বাসন ও নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সরকারি সংস্থা এবং বেসরকারি সংগঠনগুলো সমন্বিতভাবে কাজ করছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman