লোড হচ্ছে...
লোড হচ্ছে...

গোল্ডেন বুটের লড়াইয়ে সমানে সমান মেসি, এমবাপ্পে ও হালান্ড, চাপ বাড়াচ্ছেন কেইন

প্রকাশিত: 06 জুলাই 2026

14 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । স্পোর্টস ডেস্ক ।

২০২৬ ফুটবল বিশ্বকাপ যত নকআউট পর্বের শেষদিকে এগোচ্ছে, ততই জমে উঠছে আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটের প্রতিযোগিতা। এখন পর্যন্ত সাতটি করে গোল করে যৌথভাবে শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের আর্লিং হালান্ড। ফলে শেষ পর্যন্ত কে ব্যক্তিগত এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতবেন, তা নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। লিওনেল মেসি, কিলিয়ান এম বাপ্পে, আরলিং হালান্ড।

মেসি এবারের আসরে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেন। এছাড়া অস্ট্রিয়ার বিপক্ষে দুটি, জর্ডানের বিপক্ষে একটি এবং শেষ ষোলোর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে একটি গোল করে মোট সাত গোল পূর্ণ করেন। অন্যদিকে এমবাপ্পে সেনেগালের বিপক্ষে দুটি, ইরাক, নরওয়ে ও প্যারাগুয়ের বিপক্ষে একটি করে এবং সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে সমান সাত গোলের মাইলফলকে পৌঁছেছেন।

হালান্ডও দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখেছেন। ইরাকের বিপক্ষে দুটি, সেনেগাল, ফ্রান্স ও জাপানের বিপক্ষে একটি করে গোল করার পর শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে তিনিও সাত গোলের ক্লাবে নাম লেখান।

তিন ফুটবলারের গোলসংখ্যা সমান হলেও আন্তর্জাতিক ফুটবল সংস্থার প্রচলিত নিয়ম অনুযায়ী আপাতত এগিয়ে রয়েছেন এমবাপ্পে। কারণ, গোল সমান হলে প্রথমে বিবেচনায় আসে অ্যাসিস্ট। এমবাপ্পের রয়েছে দুটি অ্যাসিস্ট, যেখানে মেসি ও হালান্ড এখনো কোনো অ্যাসিস্ট করতে পারেননি। গোল ও অ্যাসিস্ট উভয়ই সমান হলে কম সময় মাঠে থেকে গোল করা খেলোয়াড়কে এগিয়ে রাখা হবে।

গোল্ডেন বুটের দৌড়ে এখনো শক্ত অবস্থানে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনও। তার ঝুলিতে রয়েছে ছয়টি গোল। সামনে সম্ভাব্য আরও ম্যাচ থাকায় মাত্র একটি গোলই তাকে শীর্ষ প্রতিযোগিতায় ফিরিয়ে আনতে পারে। হ্যারি কেইন।

বিশ্লেষকদের মতে, এবারের গোল্ডেন বুটের লড়াই সাম্প্রতিক বিশ্বকাপগুলোর মধ্যে অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। একদিকে শেষ বিশ্বকাপে নিজের ক্যারিয়ারে আরেকটি অনন্য অধ্যায় যোগ করতে চান মেসি। অন্যদিকে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়ের লক্ষ্য নিয়ে খেলছেন এমবাপ্পে। আর প্রথম বিশ্বকাপেই ইতিহাস গড়ার সুযোগ রয়েছে হালান্ডের সামনে। সেই সঙ্গে কেইনের উপস্থিতিও শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিযোগিতাকে উন্মুক্ত রাখছে।

কোয়ার্টার ফাইনাল ও পরবর্তী ম্যাচগুলোতেই নির্ধারিত হবে, শেষ পর্যন্ত কে জিতবেন ২০২৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার মর্যাদাপূর্ণ গোল্ডেন বুট।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman