লোড হচ্ছে...
লোড হচ্ছে...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রকাশিত: 07 জুলাই 2026

16 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর ইউনিটের প্রশিক্ষণ এলাকায় গিয়ে তিনি মাঠপর্যায়ের মহড়া, কৌশলগত প্রস্তুতি এবং সেনাসদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, সকাল ৯টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী প্রশিক্ষণ এলাকায় পৌঁছে পুরো মহড়া এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন ধাপ পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে চলমান মহড়া ও সামরিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত ব্রিফিং নেন।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী একটি মৌখিক অপারেশনাল নির্দেশনা উপস্থাপন শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত একটি অভিযানভিত্তিক মহড়া প্রত্যক্ষ করেন। পাশাপাশি যুদ্ধক্ষেত্রে অবস্থান গ্রহণ, রণকৌশল প্রয়োগ, সমরাস্ত্র ব্যবহারের অনুশীলন এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক ঘুরে দেখেন। তিনি একটি সেনা বাঙ্কারে নেমে প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন কৌশলগত বিষয়ে আলোচনা করেন।

মহড়া চলাকালে ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি তাদের দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পর্কে খোঁজখবর নেন এবং পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রী সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা মাঠ পর্যায়ের খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পান করেন। প্রধানমন্ত্রীর এই অনানুষ্ঠানিক অংশগ্রহণে প্রশিক্ষণে অংশ নেওয়া সেনাসদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে।

পরে সেনাসদস্যদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। তিনি জাতীয় নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে আধুনিক প্রশিক্ষণ, পেশাদার দক্ষতা, শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman