লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বেলজিয়ামের দাপটে যুক্তরাষ্ট্রের বিদায়, কোয়ার্টার ফাইনালে হবে স্পেনের মুখোমুখি

প্রকাশিত: 07 জুলাই 2026

17 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ ঘিরে ফোলারিন বালোগানকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার রেশ কাটার আগেই মাঠে শক্তির প্রমাণ দিল বেলজিয়াম। সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইউরোপের দলটি। ম্যাচের আগে বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত নিয়ে ফিফার বিরুদ্ধে আপত্তি জানিয়েও সফল হয়নি বেলজিয়াম। তবে মাঠের খেলায় প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেলজিয়াম। নবম মিনিটে নিকোলাস রাসকিনের বাড়ানো বল থেকে চার্লস ডি কেটেলারা গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৩১তম মিনিটে মালিক টিলম্যানের নেওয়া ফ্রি-কিক বেলজিয়ামের হান্স ফানাকানের মাথায় লেগে দিক বদলে জালে জড়ালে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র।

তবে সেই সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র দুই মিনিট পর লিয়ান্দ্রো ত্রোসারের নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত হেডে নিজের দ্বিতীয় গোল করেন ডি কেটেলারা। প্রথমার্ধ শেষ হয় ২-১ ব্যবধানে বেলজিয়ামের এগিয়ে থাকার মধ্য দিয়ে।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকলেও যুক্তরাষ্ট্রের রক্ষণভাগের ভুল তাদের ম্যাচ থেকে ছিটকে দেয়। ৫৭তম মিনিটে গোলরক্ষক ম্যাট ফ্রিজ বক্সের বাইরে এসে বল নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সেটি কেড়ে নেন ডি কেটেলারা। পরে তাঁর পাস থেকে প্রায় ৩৫ গজ দূর থেকে ফাঁকা জালে বল পাঠিয়ে ব্যবধান ৩-১ করেন ফানাকান।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আরেকটি রক্ষণাত্মক ভুলের সুযোগ নেয় বেলজিয়াম। ক্রিস রিচার্ডসের ভুল পাস কেড়ে নিয়ে ফানাকান বল বাড়িয়ে দেন রোমেলু লুকাকুর কাছে। বেলজিয়ান এই স্ট্রাইকার কোনাকুনি শটে ম্যাচের চতুর্থ গোল করে যুক্তরাষ্ট্রের বিদায় নিশ্চিত করেন।

ম্যাচের অন্যতম আলোচিত ফুটবলার ফোলারিন বালোগান পুরো সময় খেললেও বেলজিয়ামের সংগঠিত রক্ষণভাগের বিপক্ষে কার্যকর হতে পারেননি। আগের চার ম্যাচে তিন গোল করা এই ফরোয়ার্ড পুরো ম্যাচে মাত্র ১৯ বার বল স্পর্শ করেন এবং উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেননি।

ম্যাচের আগে বালোগানকে খেলানো নিয়েই বিশ্ব ফুটবলে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখায় তাঁর পরের ম্যাচে নিষিদ্ধ থাকার কথা ছিল। কিন্তু ফিফা শাস্তি স্থগিত করে তাঁকে খেলার অনুমতি দেয়। পরে বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানালেও ফিফা জানায়, তারা সংশ্লিষ্ট পক্ষ না হওয়ায় আপিল গ্রহণযোগ্য নয়। এই সিদ্ধান্তের পর ইউরোপীয় ফুটবল মহলেও সমালোচনার ঝড় ওঠে এবং প্রতিযোগিতার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে।

এই জয়ের ফলে বেলজিয়াম এখন কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ের এই ম্যাচটি বাংলাদেশ সময় শুক্রবার রাত ১টায় অনুষ্ঠিত হওয়ার কথা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman