দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি এখন হাসপাতালের কেবিনে আছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পূর্ণ সুস্থতার জন্য আরও সময় প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানান, “ম্যাডাম এখনো কেবিনে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ফুসফুসে ইনফেকশনের কারণে আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি।”
মেডিকেল বোর্ডের আরেক সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার বার্ধক্যজনিত জটিলতা ছাড়াও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। তাকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। ডা. জাহিদ দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
গত রোববার রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে গুলশানের বাসভবন ফিরোজা থেকে জরুরি ভিত্তিতে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। লন্ডন থেকে তার বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। ঢাকায় তার পাশেই আছেন পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান সিঁথি।
