ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তেল পরিমাপে অনিয়ম পাওয়ায় দুই ফিলিং স্টেশনের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলার শাহবাজপুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে জিলানী ফিলিং স্টেশন (ইউনিট- ২) এবং ভাই ভাই এন্টারপ্রাইজে তেল পরিমাপে অনিয়ম পাওয়া যায়।
অভিযানে প্রতি ৫ লিটার অকটেন, ডিজেল ও পেট্রোলের পরিমাপে যথাক্রমে ৬০ মি.লি., ২০ মি.লি. ও ৩০ মি.লি. তেল কম পাওয়া যায়। এছাড়া ৫ লিটার মেজার ব্যবহার করে তেল পরিমাপের সময় ১০০ মি.লি. তেল কম দেওয়ার বিষয়টিও প্রমাণিত হয়।
এ ধরনের অনিয়ম ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮–এর ২৯ ধারা লঙ্ঘন হওয়ায় এবং ৪৬ ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
এ ঘটনায় জিলানী ফিলিং স্টেশনকে এক লক্ষ টাকা এবং ভাই ভাই এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও) আবু বকর সরকার বলেন, ‘সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পুনরায় ঘটলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
