দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক বেক্সিমকো গ্রুপের প্রধান করপোরেট অফিস ‘বেল টাওয়ার’, গাজীপুর-আশুলিয়া-নারায়ণগঞ্জের কারখানা ও হাজার হাজার ডেসিমেল জমি নিলামে তোলার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) জাতীয় দৈনিকগুলোতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ব্যাংক জানায়, ৩১ অক্টোবর পর্যন্ত সুদসহ বেক্সিমকো লিমিটেডের বকেয়া ১,৩২২ কোটি এবং অ্যাসেস ফ্যাশনসের ১,১৩৩ কোটি টাকা, মোট ২,৪৫৫ কোটি টাকা আদায়ের জন্য এই পদক্ষেপ। আগ্রহী ক্রেতাদের ১০ ডিসেম্বরের মধ্যে দরপত্র জমা দিতে বলা হয়েছে।
নিলামে তোলা সম্পদের মধ্যে রয়েছে:
– ধানমন্ডির ১৫ তলা ‘বেল টাওয়ার’
– গাজীপুরে ৩,৫২৭ ডেসিমেল জমি ও কারখানা
– আশুলিয়ায় ১৪৬.৬৫ ডেসিমেল
– নারায়ণগঞ্জে ৪৪০ ডেসিমেল জমি
এর আগে ২১ নভেম্বর আরেক বিজ্ঞপ্তিতে বেক্সিমকোর তিনটি প্রতিষ্ঠান—ইন্টারন্যাশনাল নিটওয়্যার (১,৭৫৫ কোটি), আরবান ফ্যাশনস (৭২৪ কোটি) ও অ্যাপোলো অ্যাপারেলস (৮১৬ কোটি)—এর সম্পদ নিলামের ঘোষণা দেওয়া হয়।
এই নিলামের ঘোষণা এসেছে ঠিক সেই সময়ে, যখন দুটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান—জাপান-বাংলাদেশের যৌথ উদ্যোগ ‘রিভাইভাল’ এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘ইকোমিলি’—সরকারের সঙ্গে সমঝোতার ভিত্তিতে বেক্সিমকোর বন্ধ টেক্সটাইল ইউনিটগুলো লিজিং ব্যবস্থায় পুনরায় চালু করার প্রক্রিয়ায় ছিল।
রিভাইভাল ও ইকোমিলি এক যৌথ বিবৃতিতে বলেছে: “আলোচনা চলমান থাকা অবস্থায় হঠাৎ নিলামের সিদ্ধান্তে আমরা স্তম্ভিত। এতে হাজার হাজার শ্রমিক পরিবার, ক্ষুদ্র ব্যবসায়ী, স্থানীয় অর্থনীতি ও জাতীয় শিল্প সম্পদ ধ্বংসের ঝুঁকি তৈরি হচ্ছে। প্রবাসী বাংলাদেশিদের নেতৃত্বে আসা বহুল প্রত্যাশিত বিদেশি বিনিয়োগও ব্যাহত হতে পারে।”
তারা জনতা ব্যাংককে নিলাম প্রক্রিয়া পুনর্বিবেচনা এবং স্বচ্ছতার সঙ্গে শ্রমিক, শেয়ারহোল্ডার ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে।
