দ্য সিভিলিয়ানস । আন্তর্জাতিক ডেস্ক ।
সদ্য শেষ হওয়া মিস ইউনিভার্স ২০২৫-এর উত্তাপ কাটতে না কাটতেই প্রতিযোগিতার সহ-মালিক ও থাই ট্রান্সজেন্ডার মিডিয়া উদ্যোক্তা অ্যান জাকরাজুততিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ব্যাংককের একটি আদালত। বুধবার (২৬ নভেম্বর) এই পরোয়ানা জারি হয়।
৩০ মিলিয়ন বাত (প্রায় ৯ লাখ ৩০ হাজার ডলার) প্রতারণা ও জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) ব্যাংকক দক্ষিণ জেলা সিভিল কোর্টে হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি অনুপস্থিত থাকায় আদালত ধরে নিয়েছে যে তিনি পলাতক। আগামী ২৬ ডিসেম্বর রায়ের তারিখ নির্ধারিত হয়েছে।
অভিযোগকারী একজন প্লাস্টিক সার্জন দাবি করেছেন, জেকেএন গ্লোবাল গ্রুপে বিনিয়োগের জন্য অ্যান তাকে প্রতারিত করেছেন এবং গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন।
২০২২ সালে অ্যানের কোম্পানি জেকেএন গ্লোবাল গ্রুপ ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে মিস ইউনিভার্স সংস্থা ২০ মিলিয়ন ডলারে কিনে নেয়। পরে অর্ধেক শেয়ার ১৬ মিলিয়ন ডলারে মেক্সিকোর লেগ্যাসি হোল্ডিংসের কাছে বিক্রি করে।
চলতি বছরের প্রতিযোগিতা নিয়েও বিতর্কের ঝড় উঠেছে:
– আয়োজকদের বিরুদ্ধে যৌনহয়রানির আচরণের অভিযোগ
– বিজয়ী মিস মেক্সিকো ঘোষণার পর নতুন করে সমালোচনা
– থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক
থাইল্যান্ডের প্রথম ট্রান্সজেন্ডার বিলিয়নিয়ার হিসেবে পরিচিত অ্যান জাকরাজুততিপ এখন আইনি জটিলতায় জনসম্মুখে বড় চাপের মুখে আছেন। তার আইনজীবীরা এখনও কোনো মন্তব্য করেননি।
