দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ঢাকা ফটোগ্রাফার্স ক্লাব (ডিপিসি) ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে আয়োজিত ৪র্থ ডিপিসি জাতীয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেল ওয়াহাব সাইদানি। তিনি নিজ হাতে বিজয়ীদের পুরস্কার তুলে দেন।
এবারের প্রতিযোগিতায় ১৮৬ জন ফটোগ্রাফার প্রায় ৯০০টি ছবি জমা দেন। এর মধ্যে বিচারকমণ্ডলী ১৩৫টি ছবি প্রদর্শনীর জন্য নির্বাচন করেন। প্রদর্শনীটি ২৮-৩০ নভেম্বর পর্যন্ত জাতীয় চিত্রশালায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন দৈনিক ইত্তেফাকের আলোকচিত্র সাংবাদিক আব্দুল গণিসহ আরো তিন জন। প্রথম পুরস্কার উজ্জল কুন্ডু, দ্বিতীয় পুরস্কার আবদুল গণি এবং তৃতীয় পুরস্কার পেয়েছেন মো. আমিনুল ইসলাম। এছাড়া ডিপিসি গ্র্যান্ড ট্রফি পেয়েছেন রাজীব রানা দাস। ডিপিসি গ্র্যান্ড ট্রফি বিজয়ী রাজীব রানা দাস পুরস্কারের অর্থমূল্য পেয়েছেন ২৫ হাজার টাকা, প্রথম পুরস্কার বিজয়ী উজ্জল কুন্ড পেয়েছেন ১৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার বিজয়ী আবদুল গণি ১০ হাজার টাকা, তৃতীয় পুরস্কার বিজয়ী মো. আমিনুল ইসলাম ৫ হাজার টাকাসহ প্রত্যেককে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

দৈনিক ইত্তেফাকের ফটোজার্নালিস্ট ও ফটোগ্রাফি বিভাগের প্রধান আবদুল গনি এবারের প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার অর্জন করেছেন। পুরস্কার গ্রহণের পর তিনি নিজের ফেসবুক পেজে লেখেন, “আজ আল্লাহ তা’আলা তাঁর অসীম রহমতে আমার জীবনে আরেকটি বিশেষ মুহূর্ত উপহার দিয়েছেন।
আমি অত্যন্ত গর্বিত ও সম্মানিত যে, ৪র্থ ডিপিসি জাতীয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৫-এ দ্বিতীয় পুরস্কার অর্জন করেছি। পুরস্কারটি আমার হাতে তুলে দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার মান্যবর রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি মহোদয়।”

আবদুল গনি আরও লেখেন, “এই স্বীকৃতি আমাকে আরও দায়বদ্ধ করে। আমি আয়োজক, জুরি বোর্ড, ঢাকা ফটোগ্রাফার্স ক্লাব ও শিল্পকলা একাডেমির প্রতি কৃতজ্ঞ। সবার কাছে আমার জন্য দোয়া চাই।”
অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তারা হলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ঢাকা ফটোগ্রাফার্স ক্লাবের সভাপতি কে এম আসাদ, সাধারণ সম্পাদক শামসুল আরেফিন, প্রতিযোগিতার সমন্বয়ক রাশেদ জামান
আয়োজকরা জানিয়েছেন, এবারের প্রতিযোগিতায় দেশের তরুণ ও প্রবীণ ফটোগ্রাফারদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগামী বছর আরও বড় পরিসরে প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
