লোড হচ্ছে...
লোড হচ্ছে...

দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়েই খালেদা জিয়ার চিকিৎসা চলছে: মির্জা ফখরুল

প্রকাশিত: 01 ডিসেম্বর 2025

64 Views

The Civilians News

দেশি-বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ড. রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা জানেন, ম্যাডাম অসুস্থ। আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। দেশি-বিদেশি সব চিকিৎসকদেরকে যুক্ত রেখেই চিকিৎসাটা হচ্ছে।’

তিনি বলেন, ‘আল্লাহ তাআ’লার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে, আল্লাহ তাআ’লা তাকে যেন সুস্থ করে দেন এবং তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন।’

গত ২৪ নভেম্বর (রোববার) থেকেই এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় তার অবস্থা সংকটময় বলে বিএনপির তরফ থেকে জানানো হয়। এরপর বৃহস্পতিবার থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকরা নিবিড় ভাবে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতত্বে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

এই বোর্ডে তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান, যুক্তরাষ্ট্রের জন হপকিনস বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের চিকিৎসকরাও রয়েছেন।

লন্ডন থেকে তার জ্যেষ্ঠ ছেলে তারেক রহমান সর্বক্ষণ মেডিকেল বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গেও তিনি যোগাযোগে সমন্বয় করছেন।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman