দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
জুলাই আন্দোলনের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে। আগামীকাল সোমবার দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
রোববার ১৪ ডিসেম্বর পাঠানো সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের আইসিইউ কনসালটেন্ট ডা. জাফর ইকবাল এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে একটি জরুরি কল কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানেই সিঙ্গাপুরে পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
প্রেস উইং জানায়, গত দুই দিন ধরে সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক বিশেষায়িত হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে। রোববার এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ ও পরিবারের সম্মতির পর বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও ঝুঁকি কাটেনি।
সরকারি তথ্য অনুযায়ী, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাকসিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে এবং চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন।
