দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
মহান বিজয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার ১৫ ডিসেম্বর বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে এসব স্মারক উপকরণ অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাব উদ্দিন। সংশ্লিষ্টরা জানান মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরতেই এ স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়েছে যা দেশীয় ইতিহাস ও রাষ্ট্রীয় স্মৃতিচিহ্ন সংরক্ষণের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। সোমবার হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেওয়ার পর এক ব্রিফিংয়ে তিনি জানান হাদির মস্তিষ্কের আঘাত গুরুতর হলেও শরীরের অন্যান্য অঙ্গ এখনো নিয়ন্ত্রণযোগ্য অবস্থায় রয়েছে।
ডা. সায়েদুর রহমান বলেন কিডনি হার্ট এবং শ্বাসপ্রশ্বাস সংক্রান্ত কার্যক্রম ওষুধ ও অক্সিজেন সাপোর্টের মাধ্যমে আপাতত স্থিতিশীল রাখা সম্ভব হচ্ছে। তিনি আরও জানান বাংলাদেশ সরকার ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স যাত্রার আগে টেলিকনফারেন্সের মাধ্যমে চিকিৎসা সমন্বয় করা হয়েছে।
এভারকেয়ার হাসপাতাল ঢাকা এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞদের যৌথ সিদ্ধান্তেই হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। সরকার তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছে বলে জানানো হয়।
