লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নির্বাচন নিয়ে ভারতের নসিহত অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

প্রকাশিত: 17 ডিসেম্বর 2025

71 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভারতের পক্ষ থেকে দেওয়া বক্তব্য ও পরামর্শকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশ একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে এগোচ্ছে এবং এ বিষয়ে কোনো প্রতিবেশী দেশের নসিহতের প্রয়োজন নেই।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে নিয়মিত উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বক্তব্য দিতেন, এখন সংবাদমাধ্যমেও তা দিচ্ছেন। এ ধরনের বক্তব্য বাংলাদেশের আইনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি।

তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তি পাশের দেশে বসে অস্থিরতা তৈরির চেষ্টা করলে বাংলাদেশ অবশ্যই আপত্তি জানাবে এবং তাকে দেশে ফেরত চাওয়াটা স্বাভাবিক। কিন্তু ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করছে না, তার বক্তব্য বন্ধেও কোনো উদ্যোগ নিচ্ছে না। উল্টো তারা বাংলাদেশকে নির্বাচন নিয়ে নসিহত করছে, যা গ্রহণযোগ্য নয়।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, গত ১৫ বছরে অনুষ্ঠিত বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ নির্বাচনগুলোর সময় ভারত কোনো আপত্তি তোলেনি। এখন যখন বাংলাদেশ একটি ভালো, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাচ্ছে, তখন ভারতের এ ধরনের মন্তব্য দ্বিচারিতার শামিল।

সেভেন সিস্টারস প্রসঙ্গে এক রাজনৈতিক নেতার মন্তব্য নিয়ে প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ কোনো ধরনের সন্ত্রাসবাদ বা বিচ্ছিন্নতাবাদে বিশ্বাস করে না এবং এ ধরনের শক্তিকে আশ্রয় দেওয়ার প্রশ্নই ওঠে না।

মুক্তিযুদ্ধ প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ভারত বারবার বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভূমিকা খাটো করে দেখানোর চেষ্টা করে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman