দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
শহিদ শরিফ ওসমান হাদীকে বহনকারী বিমানটি আজ সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বিমানবন্দরে মরদেহ পৌঁছানোর পর সুশৃঙ্খলভাবে তাকে শ্রদ্ধা জানাতে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ইনকিলাব মঞ্চের ঘোষণায় বলা হয়, জুলাই আন্দোলনের চেতনার প্রতীক ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় এই যোদ্ধাকে গ্রহণ করতে বিমানবন্দর থেকে শাহবাগগামী সড়কের দুই পাশে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে অবস্থান নেবে জনগণ। যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়িয়ে মর্যাদাপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
ঘোষণা অনুযায়ী, বিমানবন্দর থেকে শহিদ ওসমান হাদীর মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। সেখানে সাধারণ মানুষ তাকে শেষবারের মতো দেখার ও দোয়া করার সুযোগ পাবেন।
ইনকিলাব মঞ্চ বলছে, শহিদ ওসমান হাদী শুধু একটি নাম নয়, তিনি জুলাই আন্দোলনের সাহস ও আত্মত্যাগের প্রতীক। তার মৃত্যু দেশব্যাপী গভীর শোকের পাশাপাশি প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিকে আরও জোরালো করেছে। সংগঠনটির পক্ষ থেকে সবাইকে শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিমানবন্দর ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।
