লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ছয় জন বীর শহীদ শান্তিরক্ষী ফিরলেন নিজ দেশে

প্রকাশিত: 20 ডিসেম্বর 2025

78 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহগুলো ঢাকায় আনা হয়।

বিমানবন্দরে শহীদ শান্তিরক্ষীদের মরদেহ গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি, ইউনিসফা মিশনের প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনা সদর দপ্তরের কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মরদেহ গ্রহণের সময় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সামরিক মর্যাদায় শহীদদের প্রতি সম্মান জানানো হয়।

আইএসপিআর জানায়, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বর্বর সন্ত্রাসী ড্রোন হামলায় এই ছয় শান্তিরক্ষী শহীদ হন। একই হামলায় আরও নয়জন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হন। আহতদের মধ্যে আটজন কেনিয়ার নাইরোবিতে আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সবাই বর্তমানে শঙ্কামুক্ত বলে জানানো হয়েছে।

আগামী রোববার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে শহীদদের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হেলিকপ্টারের মাধ্যমে নিজ নিজ জেলায় পাঠিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে।

শান্তিরক্ষী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবদান আবারও রক্তের দামে লেখা হলো। দেশের জন্য, শান্তির জন্য জীবন উৎসর্গ করা এই সেনাসদস্যদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman