লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ট্রাম্প নিজেই ‘ফিফা শান্তি পুরস্কার’ নেওয়ার আয়োজন করেছেন

প্রকাশিত: 21 ডিসেম্বর 2025

58 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস | নিউজ ডেস্ক |

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তথাকথিত ‘ফিফা শান্তি পুরস্কার’ গ্রহণের পুরো বন্দোবস্ত করেছিলেন বলে অভিযোগ করেছে যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য সানডে টাইমস। পত্রিকাটির অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের আগে হোয়াইট হাউস সরাসরি ফিফার কাছে একাধিক শর্ত আরোপ করে।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের সবচেয়ে আলোচিত শর্ত ছিল পুরস্কারের ট্রফির উচ্চতা যেন ফিফা বিশ্বকাপ ট্রফির সমান বা তার চেয়েও বড় হয়। পাশাপাশি তিনি মঞ্চে নিজের পাশে দুইজন মার্কিন সেনা উপস্থিত রাখার দাবিও জানান। শেষ পর্যন্ত অনুষ্ঠানে ট্রাম্পের হাতে ট্রফি তুলে দেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই সদস্য।

দ্য সানডে টাইমস জানায়, অনুষ্ঠানটিতে এমনভাবে উপস্থাপন করা হয় যেন পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির নাম আগে থেকে নির্ধারিত ছিল না। কিন্তু বাস্তবে ট্রাম্প নিজেই ফিফার শীর্ষ পর্যায়ের সঙ্গে সমন্বয় করে নিজের নাম ‘শান্তি পুরস্কারপ্রাপ্ত’ হিসেবে ঠিক করেন।

এ ঘটনায় ফিফার নৈতিকতা পর্যবেক্ষক সংস্থা তদন্ত শুরু করেছে। মানবাধিকার ও ক্রীড়া শাসন নিয়ে কাজ করা সংগঠন ‘ফেয়ারস্কয়ার’ অভিযোগ করেছে, ফিফার রাজনৈতিক নিরপেক্ষতা ভেঙে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলায় ফুটবলের বৈশ্বিক সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সমালোচকরা আরও বলছেন, ট্রাম্পকে দেওয়া এই সম্মান নজিরবিহীন। কারণ নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্তরা সাধারণত শুধু একটি মেডেল পান, সেখানে ট্রাম্পকে ট্রফি, মেডেল ও আনুষ্ঠানিক সনদ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ফিফার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে বিষয়টি ঘিরে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক মহলে বিতর্ক ক্রমেই জোরালো হচ্ছে।

সূত্র: দ্য সানডে টাইমস

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman