দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
২০১৯ সালের ২২ ডিসেম্বর ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী ও তৎকালীন ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলার বিচার এবং দোষীদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় সরকারের দেওয়া গানম্যানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন নুর।
সোমবার ২২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভবনের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আয়োজনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দিতে গিয়ে নুরুল হক নুর বলেন, সরকারের পক্ষ থেকে অনেককে গানম্যান দেওয়া হচ্ছে। কিন্তু যে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে অফিসের সামনে পিটিয়ে মারা হয়, সেই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত এমন নিরাপত্তার প্রয়োজন নেই।
নুর বলেন, ২৯ আগস্টের ঘটনার বিচার না হওয়া পর্যন্ত তিনি কোনো গানম্যান নেবেন না এবং এই প্রস্তাব তিনি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছেন। বিচার ছাড়া নিরাপত্তা দেওয়ার প্রস্তাবকে তিনি গুরুত্বহীন বলেও মন্তব্য করেন।
ডাকসু প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে নুরুল হক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্বাচিত সর্বোচ্চ প্রতিনিধি হচ্ছে ডাকসু। কিন্তু বাস্তবতা হলো, বহু বছর পর যে ডাকসু হয়েছে, সেটি এখনো সার্বজনীন চরিত্র অর্জন করতে পারেনি। বরং এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শকে প্রমোট এবং প্রতিষ্ঠার প্লাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে মনে হচ্ছে।
তিনি ডাকসু নেতৃত্ব ও ছাত্র প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ডাকসুকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলমতের প্লাটফর্মে পরিণত করা উচিত নয়। বরং বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর কণ্ঠস্বর হিসেবে ডাকসুকে প্রতিষ্ঠা করতে হবে।
প্রতিবাদ সভায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা হামলার বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
