দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তার ও কৃষিজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও পুরুষসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
সোমবার ২২ ডিসেম্বর বিকেলে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, গ্রামের সামু ও আব্দুল হাইয়ের সঙ্গে মুহিত মিয়ার দীর্ঘদিন ধরে কৃষিজমি ও এলাকার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার বিকেলে বিরোধটি সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাঠে নামে। টেঁটা, লাঠি ও ধারালো অস্ত্রের পাশাপাশি ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের গ্রামগুলোতেও।
সংঘর্ষে আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গুরুতর আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যৌথ বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে নজরদারি বাড়ানো হয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
