লোড হচ্ছে...
লোড হচ্ছে...

তাইম হত্যায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, ১১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল

প্রকাশিত: 24 ডিসেম্বর 2025

59 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান ভূঁইয়া ওরফে তাইম হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১ জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২–এ এই অভিযোগ জমা দেওয়া হয়।

ইমাম হাসান তাইম রাজারবাগ পুলিশ লাইনসের উপপরিদর্শক ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে। বয়স ছিল ১৮ বছর। তিনি নারায়ণগঞ্জ সরকারি আদমজীনগর এমডব্লিউ কলেজের শিক্ষার্থী ছিলেন। গত ২০ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলা সহিংসতার মধ্যে যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি।

বিষয়টি নিয়ে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর তাইমকে তার সহযোদ্ধারা নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। সে সময় খুব কাছ থেকে ঠান্ডা মাথায় পরপর কয়েকটি গুলি চালিয়ে তাকে হত্যা করা হয়। হত্যার পরও তার মরদেহের ওপর বর্বরতা চালানো হয়েছে। এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়, যা পর্যালোচনা করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

ঘটনার সময়কার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, গুলির মধ্যে এক বন্ধু ইমাম হাসানকে টেনে নেওয়ার চেষ্টা করছেন, ঠিক সেই মুহূর্তে পুলিশের গুলিতে তিনি লুটিয়ে পড়েন।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, এই হত্যাকাণ্ড কেবল একটি ব্যক্তি হত্যার ঘটনা নয়, বরং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের শামিল। মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন থাকায় বিষয়টি দেশজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman