দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল। নানা জটিলতা ও মতভেদের কারণে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই বেতন কাঠামো নিয়ে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে পে কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক বসছে। সংশ্লিষ্টরা বলছেন, এই বৈঠক থেকেই বেতন কাঠামো ও গ্রেড বিন্যাস বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
কমিশন সূত্র জানায়, বর্তমানে সরকারি চাকরিজীবীদের জন্য চালু থাকা ২০টি গ্রেড কমিয়ে আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় রয়েছে। কমিশনের একটি অংশ মনে করছে, গ্রেড সংখ্যা কমালে বেতন কাঠামো আরও সহজ ও আধুনিক হবে। এতে পদোন্নতি ও আর্থিক ব্যবধানও স্পষ্ট হবে। তবে আরেক অংশ বর্তমান ২০টি গ্রেড বহাল রেখে যুক্তিসংগত বেতন বৃদ্ধির পক্ষে অবস্থান নিয়েছে।
সূত্র আরও জানায়, নবম পে স্কেল নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও কর্মচারী সংগঠনের দেওয়া কয়েকশ প্রস্তাব ইতোমধ্যে বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুতের কাজ এখন শেষ পর্যায়ে। আজকের বৈঠকে যদি গ্রেড সংখ্যা ও নতুন বেতন কাঠামো সংক্রান্ত জটিলতা নিরসন হয়, তাহলে সুপারিশনামা চূড়ান্ত রূপ পাবে।
বৈঠক শেষে সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার সময়সূচিও নির্ধারণ হতে পারে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, এমন একটি বেতন কাঠামোর প্রস্তাব দেওয়া হবে যা একদিকে বাস্তবসম্মত, অন্যদিকে সরকারি কর্মচারীদের জন্য গ্রহণযোগ্য হবে।
উল্লেখ্য, গত জুলাইয়ে অন্তর্বর্তী সরকার গঠিত পে কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করে। সে হিসেবে কমিশনের হাতে সময় রয়েছে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
