দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। নতুন নামকরণ হওয়া সড়কটির নাম রাখা হয়েছে ‘খালেদা জিয়া স্ট্রিট’।
প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এবং স্থানীয় প্রশাসনের অনুমোদনে এই নামকরণ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মিশিগানের যে এলাকায় সড়কটির নামকরণ করা হয়েছে, সেখানে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি বসবাস করেন। তাদের প্রচেষ্টায় এই উদ্যোগ বাস্তবায়ন হয়েছে বলে জানা গেছে।
প্রবাসী কমিউনিটির প্রতিনিধিরা জানান, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, বহুদলীয় রাজনীতি এবং সংসদীয় ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার রাজনৈতিক অবদান ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবেই যুক্তরাষ্ট্রের মাটিতে এই সড়কের নামকরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রবাসী নেতারা বলেন, ‘খালেদা জিয়া স্ট্রিট’ শুধু একটি সড়কের নাম নয়, এটি বাংলাদেশের গণতন্ত্রপন্থি রাজনীতির ইতিহাসের প্রতীক। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও নেতৃত্বের একটি স্মারক হয়ে থাকবে।
বিএনপির নেতাকর্মীরা এই নামকরণকে সম্মানের বিষয় হিসেবে দেখছেন। তাদের মতে, আন্তর্জাতিক অঙ্গনে একজন বাংলাদেশি নেত্রীর নামে সড়ক নামকরণ দেশের জন্যও মর্যাদার।
উল্লেখ্য, এর আগেও বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি ব্যক্তিত্বদের নামে সড়ক, ভবন ও স্থাপনার নামকরণ হয়েছে। ‘খালেদা জিয়া স্ট্রিট’ সেই তালিকায় নতুন করে যুক্ত হলো।
