দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে একটি অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে আইন মন্ত্রণালয়। উপদেষ্টামণ্ডলীর বৈঠকে এটি অনুমোদনের জন্য শিগগিরই উপস্থাপন করা হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি’ শিরোনামে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আসিফ নজরুল। তিনি লেখেন, জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছেন। সেই প্রেক্ষাপটে তাদের দায়মুক্তি একটি ন্যায্য অধিকার।
আসিফ নজরুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে প্রতিরোধমূলক যে কার্যক্রম চালানো হয়েছিল, তার জন্য আইনগত দায়মুক্তি দেওয়া প্রয়োজন। এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন, আরব বসন্তসহ বিশ্বের বিভিন্ন দেশে গণঅভ্যুত্থানের পর পতিত সরকারগুলোর সময়ে দায়মুক্তির আইন প্রণয়নের নজির রয়েছে। বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদেও দায়মুক্তি আইনের সাংবিধানিক বৈধতা রয়েছে। পাশাপাশি ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন প্রণয়নের উদাহরণও তুলে ধরেন তিনি।
উপদেষ্টা জানান, এসব সাংবিধানিক ও ঐতিহাসিক নজিরের আলোকে আইন মন্ত্রণালয় অধ্যাদেশের খসড়া তৈরি করেছে। ইনশাআল্লাহ আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে এটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
পোস্টে তিনি আরও লেখেন, ‘জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব।’
