দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে বাংলাদেশ অংশের ভেতরে স্থলমাইন বিস্ফোরণে এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত যুবকের নাম আবু হানিফ (২২)। তিনি পেশায় একজন মৎস্যজীবী।
সোমবার সকাল প্রায় ১০টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্ত এলাকায় নাফ নদীর শাহজাহানের দ্বীপ ও হাঁসের দ্বীপের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নাফ নদীতে জেগে ওঠা শাহজাহানের দ্বীপে জাল ও নৌকা নিয়ে মাছ ধরতে যান আবু হানিফ। একপর্যায়ে নদীতে নামার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
আহত যুবকের বাবা ফজল করিম বলেন, বিস্ফোরণে আবু হানিফের বাম পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং অন্য পাটিও আঘাতপ্রাপ্ত হয়। তার ধারণা, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন থেকেই এই বিস্ফোরণ ঘটেছে।
ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবু হানিফকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা তৈরি হয়। স্থানীয়রা বিক্ষোভ করে কক্সবাজার-টেকনাফ সড়ক সাময়িকভাবে অবরোধ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে প্রায় আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন চন্দ্র রুদ্র বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে সীমান্তে দায়িত্বরত বিজিবির সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।
এই ঘটনায় আবারও সীমান্ত এলাকায় স্থলমাইনের ঝুঁকি ও স্থানীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
