দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
আসন্ন টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতে বিশ্বকাপ আয়োজন হলে বাংলাদেশ দলের জন্য গুরুতর নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে বলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিরাপত্তা বিভাগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটি চিঠি দিয়েছে। এই চিঠির তথ্য নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আইসিসির চিঠিতে তিনটি বিষয়কে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে দলে মুস্তাফিজুর রহমান থাকলে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি, বাংলাদেশি সমর্থকদের জাতীয় দলের জার্সি পরে চলাফেরা এবং জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসবে পরিস্থিতি তত অস্থিতিশীল হওয়ার আশঙ্কা।
আসিফ নজরুল বলেন, এই পর্যবেক্ষণ স্পষ্টভাবে প্রমাণ করে যে ভারতে বাংলাদেশের জন্য টি ২০ বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই। আইসিসির এমন বক্তব্যকে তিনি অযৌক্তিক ও অবাস্তব বলে মন্তব্য করেন। তার ভাষায়, সেরা বোলার বাদ দেওয়া, সমর্থকদের জার্সি পরতে নিষেধাজ্ঞা এবং জাতীয় নির্বাচন পেছানোর প্রত্যাশা গ্রহণযোগ্য হতে পারে না।
তিনি আরও বলেন, গত ১৬ মাস ধরে ভারতে বাংলাদেশবিরোধী যে প্রচার এবং উগ্র সাম্প্রদায়িক পরিবেশ তৈরি হয়েছে, তাতে সেখানে ক্রিকেট খেলা বাংলাদেশের জন্য কার্যত অসম্ভব হয়ে পড়েছে। ক্রীড়া উপদেষ্টা মনে করেন, ক্রিকেটের ওপর কোনো দেশের একচেটিয়া কর্তৃত্ব থাকা উচিত নয় এবং আইসিসি যদি সত্যিই বৈশ্বিক সংস্থা হয়ে থাকে, তাহলে বাংলাদেশকে শ্রীলংকায় টি ২০ বিশ্বকাপ খেলার সুযোগ দেওয়া উচিত।
সবশেষে তিনি স্পষ্ট করে জানান, এই বিষয়ে বাংলাদেশ কোনো ধরনের আপস করবে না।
