দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তরুণ প্রজন্মের হাত ধরেই বাংলাদেশে প্রকৃত পরিবর্তন আসতে পারে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আপনারা সবাই হ্যাঁ ভোটের পক্ষে থাকবেন। আল আমিন আপনাদের সন্তান। সন্তানকে সফল করার দায়িত্ব আপনাদেরই।”
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লায় এস বি গার্মেন্টসের বিপরীত পাশে শহীদ আদিলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “আপনারা কি সত্যিই বাংলাদেশের পরিবর্তন চান না? আমরা দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ চাই। এমন বাংলাদেশ আমরা চাই না, যেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পায়ে ধরে সালাম করে। আমরা মর্যাদার রাষ্ট্র চাই, জবাবদিহির রাষ্ট্র চাই।”
তিনি বলেন, এনসিপি এমন একটি রাষ্ট্রব্যবস্থার কথা বলে যেখানে ক্ষমতা ব্যক্তি নয়, জনগণের হাতে থাকবে। তার মতে, হ্যাঁ ভোট মানে শুধু একটি প্রতীকে ভোট দেওয়া নয়; এটি একটি ভিন্ন রাজনৈতিক সংস্কৃতির পক্ষে অবস্থান নেওয়া।
এ সময় নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে এনসিপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিনকে সঙ্গে নিয়ে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালান হাসনাত আব্দুল্লাহ। প্রচারণাকালে তিনি তরুণ ভোটারদের উদ্দেশে বলেন, “তারুণ্যের প্রথম ভোট যদি সচেতন হয়, তাহলে দেশের ভবিষ্যৎও বদলে যাবে।”
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা বলেন, স্থানীয় পর্যায়ে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মধ্য দিয়েই এনসিপি তাদের রাজনীতি এগিয়ে নিতে চায়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে এনসিপির এই প্রচারণা তরুণ ভোটারদের মধ্যে নতুন আলোচনা তৈরি করছে, যা আসন্ন নির্বাচনী সমীকরণে প্রভাব ফেলতে পারে।
