দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে অনুষ্ঠিত হলো ‘সোশ্যাল বিজনেস প্ল্যান এক্সিবিশন ২০২৬’। ১২ জানুয়ারি সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিভাগের প্রাঙ্গণে আয়োজিত এই প্রদর্শনীতে অংশ নেন ব্যবস্থাপনা বিভাগের ৩৬তম ব্যাচের শিক্ষার্থীরা। “From Ideas to Sustainable Venture Plan” শিরোনামে আয়োজিত এই প্রদর্শনী ছিল ‘বিজনেস এনভায়রনমেন্ট’ কোর্সের একটি গুরুত্বপূর্ণ ব্যবহারিক অংশ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাইয়্যব চৌধুরী। এ সময় ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন বিভাগের শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে মোট ২৪টি শিক্ষার্থী গ্রুপ জাতিসংঘ ঘোষিত ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সামাজিক ব্যবসা পরিকল্পনা, উদ্ভাবনী উদ্যোগ ও টেকসই প্রকল্প উপস্থাপন করে। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ইজি গো’র ফাউন্ডার ও সিইও সাজ্জাতুল ইসলাম, নেক্সট ওয়েভের ফাউন্ডার ও সিইও আবদুল্লাহ আল কায়সার এবং কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. আবদুল হালিম পলাশ।

শিক্ষার্থীদের উপস্থাপনায় বিচারকদের গঠনমূলক মতামত, অনুপ্রেরণামূলক বক্তব্য ও ভবিষ্যৎ বাস্তবায়ন নিয়ে আলোচনা প্রদর্শনীকে আরও প্রাণবন্ত করে তোলে। দিনব্যাপী এই আয়োজনে প্রায় চার শতাধিক শিক্ষার্থী ও অতিথির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অংশগ্রহণকারী আবতাহী বিনতে মোনাব্বার বলেন, এই প্রদর্শনী সামাজিক উদ্যোগ নিয়ে বাস্তবভাবে ভাবতে শেখিয়েছে। তৌসিফ মাহমুদ অভয় জানান, অনেক বিচারক ভবিষ্যতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন, যা তাদের জন্য বড় প্রেরণা। স্বেচ্ছাসেবক আওরঙ্গজেব খান বলেন, এই অভিজ্ঞতায় তাদের ব্যবস্থাপনা ও যোগাযোগ দক্ষতা বেড়েছে।
সহযোগী অধ্যাপক শারমিন আক্তারের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রদর্শনী ভবিষ্যতে সামাজিক ব্যবসায় নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা আয়োজকদের।
