লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জামায়াত আমিরের মন্তব্যে ভারতের ব্যাখ্যা

প্রকাশিত: 16 জানুয়ারী 2026

74 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের সাক্ষাৎ নিয়ে প্রকাশ্যে ব্যাখ্যা দিয়েছে নয়াদিল্লি। শুক্রবার (১৬ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ৩১ ডিসেম্বর বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমির জানান, অসুস্থ থাকার সময় ভারতের দুজন কূটনীতিক তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। তবে ওই কূটনীতিকরা বিষয়টি গোপন রাখতে অনুরোধ করেছিলেন বলেও দাবি করেন তিনি। ডা. শফিকুর রহমান তখন প্রশ্ন তুলেছিলেন, একটি স্বাভাবিক সৌজন্য সাক্ষাৎ কেন গোপন রাখা হবে।

এই মন্তব্যের প্রেক্ষিতে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে প্রশ্ন করা হয়, বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ভারতের যোগাযোগ থাকলেও জামায়াতে ইসলামীর সঙ্গেও কি ভারতের যোগাযোগ রয়েছে কি না।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ ভারতের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ এবং দুই দেশের মধ্যে গভীর কূটনৈতিক সম্পর্ক রয়েছে। তিনি জানান, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে থাকেন।

জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগের বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, এ ধরনের সাক্ষাৎকে নিয়মিত কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবেই দেখা উচিত। এর মধ্যে আলাদা কোনো ব্যতিক্রমী বা গোপন বার্তা নেই।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ডা. শফিকুর রহমানের মন্তব্য এবং ভারতের প্রকাশ্য প্রতিক্রিয়া বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগের বিষয়টি নতুন করে আলোচনায় এনেছে। বিশেষ করে আসন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে এসব যোগাযোগের কূটনৈতিক তাৎপর্য নিয়ে নানা প্রশ্ন উঠছে।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman