দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসবিরোধী অভিযানে গিয়ে নৃশংসভাবে নিহত হয়েছেন র্যাব কর্মকর্তা নায়েব সুবেদার আব্দুল মোতালেব। অভিযানের সময় সন্ত্রাসীরা প্রথমে তার সরকারি অস্ত্র ছিনিয়ে নেয়, পরে পায়ে গুলি করে মাটিতে ফেলে দিয়ে লাঠি, রড ও কাঠ দিয়ে পিটিয়ে হত্যা করে বলে জানিয়েছে র্যাব।
সোমবার ১৯ জানুয়ারি সন্ধ্যায় একটি মামলার সশস্ত্র আসামিকে গ্রেপ্তারে র্যাবের ১৬ সদস্যের একটি দল জঙ্গল সলিমপুরে অভিযান চালায়। র্যাব সূত্র জানায়, একটি রাজনৈতিক দলের স্থানীয় কার্যালয়ে আসামি লুকিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে চার সদস্য ভেতরে প্রবেশ করলে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী চারদিক থেকে ঘিরে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান নায়েব সুবেদার মোতালেব।
হামলায় র্যাবের কনস্টেবল আরিফ, নায়েক ইমাম ও এক সোর্স গুরুতর আহত হন। তাদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। র্যাব জানায়, আশপাশে সাধারণ মানুষ থাকতে পারে এমন আশঙ্কায় সদস্যরা আত্মরক্ষায়ও গুলি ব্যবহার করেননি।
র্যাব ৭ এর সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, হামলাটি ছিল পরিকল্পিত ও অত্যন্ত নৃশংস। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। ঘটনার পর সলিমপুর এলাকায় র্যাব, পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অভিযান অব্যাহত আছে। নিহত র্যাব কর্মকর্তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে পাহাড় দখল, সন্ত্রাসী তৎপরতা ও সংঘর্ষের জন্য পরিচিত। রাজনৈতিক পটপরিবর্তনের পর সেখানে সহিংসতা আরও বেড়েছে বলে প্রশাসনের ভাষ্য।
