লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নির্বাচন ঘিরে অনলাইনে সিআইডি’র কড়া নজরদারি

প্রকাশিত: 22 জানুয়ারী 2026

24 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনপূর্ব ও নির্বাচনোত্তর সময়ে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে কড়া নজরদারি চালাবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির সাইবার ইউনিট। নির্বাচনকে ঘিরে গুজব ছড়ানো, উসকানি, অপপ্রচার কিংবা সাইবার অপরাধ ঠেকাতে এই নজরদারি কার্যক্রম জোরদার করা হবে বলে জানিয়েছে সিআইডি।

বৃহস্পতিবার সিআইডি সদর দপ্তরে অনুষ্ঠিত ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা ও মতবিনিময়’ সভায় সভাপতির বক্তব্যে এসব তথ্য জানান সিআইডির প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মো. ছিবগাত উল্লাহ। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিআইডির মোট জনবলের প্রায় ৯০ শতাংশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়িত্ব পালন করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে সিআইডি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করবে।

সিআইডি প্রধান আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে নির্বাচনকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য, গুজব কিংবা সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। তাঁরা নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সিআইডির সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

নির্বাচনকে কেন্দ্র করে সাইবার অপরাধের ঝুঁকি বাড়তে পারে উল্লেখ করে সংশ্লিষ্টরা বলছেন, সিআইডির এই নজরদারি উদ্যোগ ভোটের পরিবেশ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman