দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়াসি দ্বীপে একটি এটিআর ৪২-৫০০ টারবোপ্রপ উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৭ জন কেবিন ক্রু এবং ৩ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে উদ্ধারকারী দল।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত উড়োজাহাজটি ইন্দোনেশিয়ার বিমান পরিষেবা সংস্থা ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্ট আইএটির মালিকানাধীন। গত ২৮ জানুয়ারি রোববার দুপুরের দিকে উড়োজাহাজটি রাজধানী জাকার্তা থেকে দক্ষিণ সুলাওয়াসির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এতে দেশটির মৎসসম্পদ মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তা ছিলেন, যারা দক্ষিণ সুলাওয়াসি উপকূলে মৎস্যসম্পদের ওপর একটি জরিপ পরিচালনার কাজে যাচ্ছিলেন।
উড্ডয়নের কিছুক্ষণ পরই দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে আইএটির প্রধান কার্যালয়ের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকেই নিখোঁজ উড়োজাহাজটির সন্ধানে উদ্ধার অভিযান শুরু করা হয়।
দক্ষিণ সুলাওয়াসি দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী দলের কর্মকর্তা অ্যান্ডি সুলতান জানান, শুক্রবার সকালে মারোস জেলার বুরুসারাউং পাহাড়ি এলাকার কাছে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। দুর্ঘটনাস্থলটি রাজধানী জাকার্তা থেকে প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত।
এটিআর ৪২-৫০০ ধরনের উড়োজাহাজ সাধারণত মাঝারি আকৃতির এবং স্বল্প ও মাঝারি দূরত্বে যাত্রী ও কার্গো পরিবহনে ব্যবহৃত হয়। পাহাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটায় উদ্ধারকাজে কিছুটা সময় লেগেছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু করেছে ইন্দোনেশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আবহাওয়া পরিস্থিতি, কারিগরি ত্রুটি কিংবা মানবিক ভুলের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
