দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়ায় শিক্ষার্থীদের যুক্ত না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির মতে, সংসদ নির্বাচনের মতো জটিল ও সংবেদনশীল রাজনৈতিক প্রক্রিয়ায় ছাত্রদের সম্পৃক্ত করলে তারা এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠান বিতর্কে জড়িয়ে পড়তে পারে।
রোববার ১ ফেব্রুয়ারি দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, অল্প বয়সী ছাত্রদের নির্বাচন পরিচালনার কাজে যুক্ত করা ঠিক হবে না। আইন অনুযায়ী যাদের দায়িত্ব দেওয়ার কথা বলা আছে, সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিয়েই নির্বাচন সংক্রান্ত কাজ করানো উচিত। বিএনপির পক্ষ থেকে আরও বলা হয়েছে, ছাত্রদের পরবর্তীতে স্কাউটদের যুক্ত করার যে আলোচনা শোনা যাচ্ছে, সেটিও বিতর্ক তৈরি করতে পারে।
নজরুল ইসলাম খান জানান, নির্বাচন কমিশন বিএনপির এই বক্তব্যের যৌক্তিকতা স্বীকার করেছে এবং বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছে।
বৈঠকে নির্বাচনী এলাকায় ‘শান্তি কমিটি’ গঠনের গুঞ্জন নিয়েও উদ্বেগ প্রকাশ করে বিএনপি। নজরুল ইসলাম খান বলেন, শান্তি কমিটি শব্দটি তাদের কাছে অত্যন্ত অস্বস্তিকর। যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, এমন কোনো কমিটি গঠনের সিদ্ধান্ত তারা নেয়নি।
তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দলের নেতাকর্মী নিজেদের এলাকার বাইরে অন্য নির্বাচনী এলাকায় সক্রিয় রয়েছেন। আইনে বাধা না থাকলেও বিশৃঙ্খলা এড়াতে ভোটের অন্তত দুই দিন আগে বহিরাগতদের এলাকা ছাড়ার ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
স্থানীয় পর্যবেক্ষক নিয়োগ নিয়েও প্রশ্ন তোলে বিএনপি। নজরুল ইসলাম খান বলেন, ৫৫ হাজারের বেশি স্থানীয় পর্যবেক্ষককে অনুমতি দেওয়া হয়েছে, যার মধ্যে অনেক অপরিচিত প্রতিষ্ঠানের নাম রয়েছে। পর্যবেক্ষণে সক্ষম ও অভিজ্ঞ প্রতিষ্ঠানকেই দায়িত্ব দেওয়া উচিত বলে মত দেন তিনি।
এ ছাড়া ভোটার তালিকায় অস্বাভাবিক স্থানান্তর নিয়েও সন্দেহ প্রকাশ করে বিএনপি। দলটির দাবি, অনেক এলাকায় বাস্তব সংখ্যার তুলনায় অস্বাভাবিকভাবে বেশি ভোটার অন্তর্ভুক্ত হয়েছে। এ বিষয়ে আসনভিত্তিক তদন্তের দাবি জানালে কমিশন তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে ইলেক্টোরাল ইনকয়ারি ও এডজুডিকেশন কমিটির কার্যক্রম আরও দৃশ্যমান করারও আহ্বান জানানো হয়।
এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠক করে।
