লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়েছে ইসলামাবাদ

প্রকাশিত: 02 ফেব্রুয়ারী 2026

28 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আসন্ন আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার পর দেশটির সরকার এই সিদ্ধান্ত দিয়েছে। তবে একই সঙ্গে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়েছে ইসলামাবাদ।

রোববার (১ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে পাকিস্তান সরকার বিষয়টি নিশ্চিত করে জানায়, ২০২৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অংশ নিলেও ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে দল মাঠে নামবে না। বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট আইসিসির সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবেই এই অবস্থান নিয়েছে পাকিস্তান।

এর আগে গত ২৬ জানুয়ারি ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ওই বৈঠকেই বিশ্বকাপে অংশগ্রহণ ও কূটনৈতিক অবস্থান নিয়ে সরকারের দিকনির্দেশনা দেওয়া হয়। এবার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত সামনে এলো।

এই সংকটের সূত্রপাত ঘটে ভারতীয় প্রিমিয়ার লিগ থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তা শঙ্কার কথা বলে বাদ দেওয়ার ঘটনায়। বিসিসিআইয়ের সেই সিদ্ধান্তের পর একই যুক্তিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানায়। বিসিবি চেয়েছিল বাংলাদেশের ম্যাচগুলো সহ আয়োজক শ্রীলঙ্কায় আয়োজন করতে, তবে আইসিসি সেই প্রস্তাবে সম্মতি দেয়নি।

দীর্ঘ আলোচনা ব্যর্থ হওয়ার পর আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। শুরু থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদের মতে, একটি পূর্ণ সদস্য দেশকে বাদ দিয়ে সহযোগী দেশ অন্তর্ভুক্ত করা ক্রিকেটীয় ন্যায়ের পরিপন্থী।

বিশ্লেষকদের মতে, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে পাকিস্তান শুধু ক্রীড়াঙ্গনে নয়, আন্তর্জাতিক রাজনীতিতেও একটি শক্ত বার্তা দিতে চাইছে। তবে এই সিদ্ধান্ত আইসিসির ওপর কতটা চাপ সৃষ্টি করতে পারবে, সেটিই এখন দেখার বিষয়।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman