দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন অব্যাহত রয়েছে। সবশেষ সোমবার ২ ফেব্রুয়ারি বিকেলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম আরও কমানোর ঘোষণা দেয়। এ দফায় ভরিতে কমানো হয়েছে ৫ হাজার ৪২৪ টাকা। নতুন এই দাম সোমবার বিকেল ৩টা ৪৫ মিনিট থেকেই কার্যকর হয়।
বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকায়। ১৮ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৬৪ হাজার ৫২৩ টাকায়।
এর আগে সোমবার সকালেও এক দফা দাম সমন্বয় করে বাজুস। সে সময় ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা। তার আগের দিন ১ ফেব্রুয়ারি ভরিতে ১ হাজার ৯২৫ টাকা কমিয়ে দাম ঠিক করা হয় ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা।
গত ৩১ জানুয়ারি স্বর্ণের দামে দুই দফা পরিবর্তন আনে বাজুস। সেদিন সকালে ভরিতে ১৫ হাজার ৭৪৬ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হলেও কয়েক ঘণ্টার মধ্যেই আবার ৪ হাজার ৮২ টাকা বাড়ানো হয়। তারও একদিন আগে ৩০ জানুয়ারি ভরিতে ১৪ হাজার ৬৩৮ টাকা কমানো হয়েছিল।
সব মিলিয়ে মাত্র চার দিনে দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে মোট ৪০ হাজার ২৪১ টাকা। অথচ এর ঠিক আগের দিন ২৯ জানুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছিল স্বর্ণ। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৮৬ হাজার ১ টাকা।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা এবং ডলার বাজারের প্রভাবেই স্বর্ণের দামে এই ধারাবাহিক পতন দেখা যাচ্ছে। সামনে বাজার কোন দিকে যায়, সেদিকে এখন নজর ক্রেতা ও ব্যবসায়ীদের।
