দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ঢাকায় অনুষ্ঠিত সংসদীয় দলের প্রথম সভায় যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দলটির নবনির্বাচিত সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ির সুবিধা নেবেন না। পাশাপাশি সরকারিভাবে বরাদ্দ করা কোনো প্লট বা ফ্ল্যাটও গ্রহণ করবেন না বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে।
দলীয় সূত্র জানায়, জনগণের অর্থের অপচয় রোধ এবং রাজনীতিতে সংযমের বার্তা দিতেই এই অবস্থান নেওয়া হয়েছে। সভায় উপস্থিত নীতিনির্ধারকেরা বলেন, অতীতে সংসদ সদস্যদের বিশেষ সুবিধা গ্রহণ নিয়ে জনমনে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল, তা দূর করতে বিএনপি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চায়।
সভায় হাইকমান্ড থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশাকেই অগ্রাধিকার দিতে হবে। এমপি হিসেবে প্রাপ্য প্রথাগত সুবিধা বর্জনের মাধ্যমে জনকল্যাণমুখী রাজনীতির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
সভায় উপস্থিত এক জ্যেষ্ঠ নেতা বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের লক্ষ্য হওয়া উচিত সেবা, ব্যক্তিগত প্রাপ্তি নয়। সেই অঙ্গীকার থেকেই ডিউটি ফ্রি গাড়ি এবং রাজউকের প্লট বা ফ্ল্যাট গ্রহণ না করার শপথ নিয়েছেন দলীয় এমপিরা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদীয় যাত্রার শুরুতেই এমন ঘোষণা সাধারণ মানুষের কাছে ইতিবাচক বার্তা দেবে। একই সঙ্গে অন্যান্য দলগুলোর ওপরও নৈতিক চাপ তৈরি হতে পারে।
