দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এ হেফাজত ই ইসলাম এর মহাসমাবেশে হত্যা ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দিপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং উপস্থাপক ফারজানা রুপা কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। এ বিষয়ে আন্তর্জাতি অপরাধ ট্রাইব্যুনাল – ১ এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মামলাটি ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত সহিংসতা, অভিযান এবং হতাহতের ঘটনাকে কেন্দ্র করে করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ওই অভিযানে বহু মানুষ নিহত ও আহত হন এবং পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। ঘটনাটি নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও মানবাধিকার মহলে বিতর্ক রয়েছে।
সেই সময় আইনশৃঙ্খলা বাহিনীর রাতভর অভিযানের পর সরকারিভাবে হতাহতের সংখ্যা সীমিত বলা হলেও হেফাজত ই ইসলাম এবং বিভিন্ন রাজনৈতিক দল ব্যাপক প্রাণহানির অভিযোগ তোলে। তবে সরকারের পক্ষ থেকে বরাবরই অতিরঞ্জিত তথ্য প্রচারের অভিযোগ করা হয়।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সে সময় ঘটনাটির নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছিল। হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রতিবেদনে বলেছিল, নিরাপত্তা বাহিনীর শক্তি প্রয়োগ ও পরবর্তী দমনপীড়নের অভিযোগ স্বচ্ছ তদন্তের দাবি রাখে। অন্যদিকে এমিনেস্টটি ইন্টারন্যাশনাল মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে বলপ্রয়োগের বিষয়েও উদ্বেগ জানিয়েছিল।
বর্তমান মামলায় সাবেক সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম আসায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। আদালতে শুনানির পর পরবর্তী আইনি প্রক্রিয়া নির্ধারিত হবে।
আইন বিশ্লেষকদের মতে, ২০১৩ সালের শাপলা চত্বর অভিযান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ঘটনাগুলোর একটি। ফলে এ মামলার বিচার প্রক্রিয়া দেশীয় রাজনীতি, মানবাধিকার পরিস্থিতি এবং বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে নতুন আলোচনা তৈরি করতে পারে।
