দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবন–এর দক্ষিণ প্লাজায় বর্ণাঢ্য আয়োজনে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান।
তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন।
এর আগে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
সাধারণত বঙ্গভবন–এর দরবার হলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়। তবে এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠানটি সংসদ ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজন করা হয়।
জানা গেছে, আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এটি দেশের ইতিহাসে দলটির ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় প্রত্যাবর্তন।
অন্যদিকে ৬৮টি আসন নিয়ে সংসদের প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সংসদীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।
