লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন

প্রকাশিত: 25 ফেব্রুয়ারী 2026

100 Views

The Civilians News

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন
দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

সরকার বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর ড. আহসান এইচ মনসুর-এর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে। একই সঙ্গে নতুন গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমান-কে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক দুই প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ১৩ আগস্ট জারি করা আদেশের মাধ্যমে গভর্নর পদে নিয়োগপ্রাপ্ত ড. আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

অন্য প্রজ্ঞাপনে বলা হয়, মো. মোস্তাকুর রহমান এফসিএমএকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। নিয়োগের অন্যান্য বিষয় চুক্তিপত্রে নির্ধারিত হবে।

সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

জানা গেছে, মোস্তাকুর রহমান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি-এর সদস্য এবং হিরা সোয়েটারের মালিক। তিনি বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে বুধবার দুপুরে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে—এমন তথ্য বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ড. আহসান এইচ মনসুর হঠাৎ করে কেন্দ্রীয় ব্যাংক কার্যালয় ত্যাগ করেন। গণমাধ্যমকে তিনি বলেন, তিনি পদত্যাগ করেননি, তবে খবরের মাধ্যমে বিষয়টি জেনেছেন।

সূত্র জানায়, সকালে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে কার্যালয়ে আসার পর অপসারণের খবর ছড়িয়ে পড়ে। পরে সহকর্মীদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা ছাড়াই তিনি অফিস ত্যাগ করেন। এতে কেন্দ্রীয় ব্যাংকে সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন সরকারের পতনের পর ৯ আগস্ট বিকেলে গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেন। এরপর ১৩ আগস্ট ড. আহসান এইচ মনসুরকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman