দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের মতো এবারও পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, আগামীকাল সকাল থেকে পর্যায়ক্রমে এসব জামাত অনুষ্ঠিত হবে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী প্রথম ঈদ জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামাত সকাল ৮টায়, এতে ইমামতি করবেন পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী।
তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে এবং এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মাওলানা মো. জাকির হোসেন। চতুর্থ জামাত সকাল ১০টায়, যেখানে ইমামতির দায়িত্ব পালন করবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী।
পঞ্চম ও সর্বশেষ ঈদ জামাত অনুষ্ঠিত হবে বেলা পৌনে ১১টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।
ইসলামিক ফাউন্ডেশন আরও জানিয়েছে, প্রয়োজন হলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালনের জন্য সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন।
