লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জ্বালানি বাজারে কৃত্রিম সংকট, কালো বাজারি ও মজুদারী ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 28 মার্চ 2026

30 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম। শনিবার (২৮ মার্চ) বিকেলে সংসদ ভবনে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

চিফ হুইপ বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি সত্ত্বেও সরকার প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে দেশের জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তবে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে এবং সীমান্ত দিয়ে তেল পাচারের অভিযোগও পাওয়া গেছে। এসব কার্যক্রম বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিরুনি অভিযান পরিচালনা ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। ইতোমধ্যে প্রায় ২ লাখ মেট্রিক টন জ্বালানিবাহী জাহাজ বন্দরে পৌঁছেছে এবং আরও ২ লাখ মেট্রিক টন তেল দেশে আসার পথে রয়েছে। সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় জেলা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কেউ অপ্রয়োজনীয়ভাবে তেল মজুত করতে না পারে এবং কোথাও দাম বৃদ্ধি না ঘটে।

আগামীকাল সংসদ অধিবেশনে জ্বালানি প্রতিমন্ত্রী ৩০০ বিধিতে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেবেন বলে জানানো হয়েছে।

বৈঠকের শুরুতে জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ ও বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি সাম্প্রতিক বাস ও ট্রেন দুর্ঘটনার কারণ এবং প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।

চিফ হুইপ আরও জানান, সংসদ সদস্যদের নিয়মিতভাবে সরকারি কার্যক্রম সম্পর্কে অবহিত রাখতে প্রতি মাসে এ ধরনের ব্রিফিং আয়োজন করা হবে। সংসদীয় স্থায়ী কমিটি গঠন এবং সংরক্ষিত নারী আসনসহ বিভিন্ন বিল নিয়ে দ্রুত সিদ্ধান্ত আসতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman