দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ভারতীয় সূত্র দাবি করেছে বৃহস্পতিবার রাতে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশের পর এ ঘটনা ঘটে।
নিহত সালেহ আহমেদ জয়ধর (৩০) কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার এলাকার কারবালারটুক গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক মো. নাজমুল হক।
বিজিবির তথ্য অনুযায়ী, রাত সাড়ে ৮টার দিকে সালেহ আহমেদ আরও দুই সহযোগীকে নিয়ে চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতের প্রায় এক কিলোমিটার ভেতরে প্রবেশ করেন। তারা চংকেট ও মারকান এলাকার বাগানের মধ্যবর্তী স্থানে অবস্থান করছিলেন।
এ সময় স্থানীয় খাসিয়া সম্প্রদায়ের সদস্যরা তাদের সুপারি চোর সন্দেহে ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে সালেহ আহমেদের মৃত্যু হয়।
পরে সঙ্গে থাকা দুই সহযোগী মো. সুমন মিয়া (২৫) ও মো. মাসুম আহম্মদ (২০) মরদেহটি বাংলাদেশে নিয়ে আসেন। বিজিবি জানায়, নিহতসহ তিনজনই সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য আনা-নেওয়ার সঙ্গে জড়িত ছিলেন।
সীমান্ত এলাকায় চোরাচালান ও অনিয়ন্ত্রিত চলাচল দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ। এ ধরনের ঘটনা সীমান্ত নিরাপত্তা ও স্থানীয় জনগণের জীবনের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।
