লোড হচ্ছে...
লোড হচ্ছে...

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

প্রকাশিত: 10 এপ্রিল 2026

14 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দলীয় সূত্র জানায়, আগামী ১২ এপ্রিল পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। প্রতিটি ফরমের মূল্য ২ হাজার টাকা এবং জমার সময় ৫০ হাজার টাকা জামানত দিতে হবে।

ফরম বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংসদীয় চর্চা শক্তিশালী করার সুযোগ এসেছে। তিনি সংসদে বিতর্ক ও আলোচনা অব্যাহত রাখাকে গণতন্ত্রের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিগত সময়ের রাজনৈতিক সহিংসতা, গুম, মামলা ও দমন-পীড়নের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে।

এর আগে নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করে। ঘোষণা অনুযায়ী, ভোটগ্রহণ হবে আগামী ১২ মে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল, যাচাই বাছাই ২২ ও ২৩ এপ্রিল, এবং প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল।

উল্লেখ্য, জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে, যা দলগুলোর আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে বণ্টন করা হয়।

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রক্রিয়া শুরু হওয়ায় দলীয় পর্যায়ে নারী নেতৃত্ব বাছাই নিয়ে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। এটি আগামী সংসদের রাজনৈতিক ভারসাম্য ও নারী প্রতিনিধিত্বের কাঠামোতে প্রভাব ফেলবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman