লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি

প্রকাশিত: 14 এপ্রিল 2026

8 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে বিদ্যমান প্রতিরক্ষা চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ভেরোনা শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এবং আল জাজিরা এর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বৃদ্ধি এবং ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের প্রভাব বিশ্ববাজারে পড়তে শুরু করায় ইতালি এ পদক্ষেপ নিয়েছে।

মেলোনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক নিরাপত্তা এবং কূটনৈতিক ভারসাম্য রক্ষায় এই সিদ্ধান্ত জরুরি ছিল। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালি পুনরায় স্বাভাবিকভাবে চালু রাখার ওপর জোর দেন। তার ভাষায়, এই গুরুত্বপূর্ণ জলপথটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।

বিশ্লেষকরা মনে করছেন, ইতালির এই পদক্ষেপ ইউরোপীয় দেশগুলোর মধ্যে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে নতুন কূটনৈতিক অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে আমেরিকা ও ইরান এর মধ্যে চলমান উত্তেজনা এবং সম্ভাব্য অবরোধ পরিস্থিতি বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে।

এদিকে আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল পরিবহন হয়। ফলে এখানে কোনো ধরনের বাধা সৃষ্টি হলে জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব পড়বে। ইতোমধ্যে সম্ভাব্য সরবরাহ সংকটের আশঙ্কায় বৈশ্বিক বাজারে উদ্বেগ বাড়ছে।

ইতালির এই সিদ্ধান্ত কেবল দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয় নয়, বরং এটি বৃহত্তর ভূরাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। ইউরোপ এখন সরাসরি সংঘাত এড়িয়ে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে চাইছে, যা ভবিষ্যতের আন্তর্জাতিক সম্পর্কের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman