দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে সিরিয়া থেকে স্থলবাহিনী সম্পূর্ণ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। উত্তর-পূর্বাঞ্চলের হাসাকা প্রদেশ-এর কাসরাক ঘাঁটি থেকে শেষ মার্কিন সেনা কনভয় চলে যাওয়ার মাধ্যমে প্রায় এক দশকের সামরিক উপস্থিতির আনুষ্ঠানিক অবসান ঘটেছে।
২০১৪ সালে আইএসআইএস-বিরোধী অভিযানের অংশ হিসেবে শুরু হওয়া এই উপস্থিতি ধাপে ধাপে প্রত্যাহারের মধ্য দিয়ে শেষ হয়। ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্রক্রিয়া ১৬ এপ্রিল চূড়ান্তভাবে সম্পন্ন হয়। সর্বশেষ কনভয় ঘাঁটি ত্যাগ করার পর কাসরাকের নিয়ন্ত্রণ নেয় সিরীয় সেনাবাহিনীর ৬০তম ডিভিশন।
আন্তর্জাতিক বিভিন্ন সূত্র বলছে, এই প্রত্যাহার সিরীয় ডেমোক্রেটিক ফোর্সেস এবং সিরীয় সরকারের মধ্যে সমঝোতার অংশ হিসেবেই বাস্তবায়িত হয়েছে। মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম ইরাক ও জর্ডানে সরিয়ে নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও শক্তির ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশেষ করে আইএসআইএস-পরবর্তী পরিস্থিতিতে আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
যুক্তরাষ্ট্রের প্রত্যাহার সিরিয়ায় ক্ষমতার শূন্যতা তৈরি করতে পারে, যেখানে রাশিয়া, ইরান ও তুরস্কের প্রভাব বাড়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে স্থানীয় শক্তিগুলোর মধ্যে নতুন করে সমন্বয় বা সংঘাতের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সূত্র: এপি, রয়টার্স,
