দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীতে সৃষ্ট তীব্র জলাবদ্ধতা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে এ বিষয়ে আলোচনার সময় তিনি নগরবাসীর ভোগান্তির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে তার ইতোমধ্যে কথা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে। তবে তিনি স্বীকার করেন, জলাবদ্ধতা সমস্যা দীর্ঘদিনের এবং এটি দ্রুত সমাধান করা সহজ নয়। “এটা বড় একটি সমস্যা, স্বাভাবিকভাবে সমাধান করতে কিছুটা সময় লাগবে,” বলেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন, অতিবৃষ্টির কারণে শুধু চট্টগ্রাম নয়, দেশের বিভিন্ন শহরেই একই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে রাজধানী ঢাকাতেও সামান্য বৃষ্টিতে পানি জমে যাওয়ার প্রবণতা বাড়ছে, যা নগর ব্যবস্থাপনার বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে।
সমাধানের প্রসঙ্গে প্রধানমন্ত্রী অতীতের উদাহরণ টেনে বলেন, খাল খনন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নই হতে পারে দীর্ঘমেয়াদি সমাধান। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সময়কার খাল খনন উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, তখন পানি সংরক্ষণ ও নিষ্কাশনে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছিল। বর্তমান সরকারও একই ধরনের উদ্যোগ বাস্তবায়নের দিকে এগোচ্ছে।
এদিকে, টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সড়ক ডুবে গিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে, ঘরে পানি ঢুকে পড়ছে এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত নগরায়ন, দখল হওয়া খাল এবং অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থাই এই সংকটের মূল কারণ।
