লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ড্রোন ঠেকাতে মাছ ধরার জালের আশ্রয়ে ইসরাইল

প্রকাশিত: 27 মে 2026

19 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এর ক্রমবর্ধমান ড্রোন হামলা মোকাবিলায় অভিনব কৌশল নিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। হিজবুল্লাহর এফপিভি কামিকাজে ড্রোন ঠেকাতে এখন মাছ ধরার জাল ব্যবহার করছে ইসরাইলি সেনারা।

আন্তর্জাতিক সামরিকবিষয়ক সংবাদমাধ্যম দ্য ওয়ার জোন এর তথ্য অনুযায়ী, সেনাবাহিনীর জন্য পর্যাপ্ত সুরক্ষামূলক জাল না থাকায় অনেক ইউনিট স্থানীয় জেলেদের কাছ থেকে সরাসরি মাছ ধরার জাল সংগ্রহ করছে। বিশেষ করে টিবেরিয়াস,আসরে এবং হাইফা অঞ্চলের জেলেদের কাছ থেকে এসব জাল কেনা হচ্ছে।

ইসরাইলি সামরিক কর্মকর্তাদের ভাষ্য, হিজবুল্লাহ এখন উন্নত প্রযুক্তির ফাইবার অপটিক নিয়ন্ত্রিত এফপিভি ড্রোন ব্যবহার করছে। এসব ড্রোন প্রচলিত ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থাকে এড়িয়ে যেতে সক্ষম। এছাড়া ড্রোনে থার্মাল ক্যামেরা যুক্ত করায় রাতের অন্ধকারেও নির্ভুল হামলা চালানো সম্ভব হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধে ড্রোন প্রতিরোধে ব্যবহৃত জাল কৌশল এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রেও ছড়িয়ে পড়ছে। যানবাহন, সামরিক চৌকি এবং সরঞ্জামের ওপর জাল টানিয়ে ড্রোনের আঘাত বা বিস্ফোরণের ক্ষতি কমানোর চেষ্টা করা হচ্ছে।

ইসরাইলি বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকা এবং দক্ষিণ লেবাননে অবস্থানরত সেনাদের জন্য ড্রোন হামলা এখন “দুঃস্বপ্নে” পরিণত হয়েছে। বিশেষ করে বেকা ভেলী, তাইরে, সিডন এবং বৈরুত অঞ্চলে হিজবুল্লাহর ড্রোন অপারেশন মোকাবিলায় ইসরাইলি বাহিনী চাপে রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বেঞ্জামিন নেতানিয়াহু দক্ষিণ লেবাননে দৃশ্যমান সামরিক উপস্থিতি বাড়ানোর জন্য চাপ দিচ্ছেন। তবে মার্কিন মধ্যস্থতা, আঞ্চলিক উত্তেজনা এবং যুদ্ধবিরতির জটিল বাস্তবতায় ইসরাইলি বাহিনীর অভিযান পরিচালনা সীমিত হয়ে পড়েছে।

i24NEWS এর তথ্য অনুযায়ী, ইসরাইলি বাহিনী ইতোমধ্যে প্রায় ১ লাখ ৫৮ হাজার বর্গমিটার সুরক্ষামূলক জাল বিতরণ করেছে। আরও বিপুল পরিমাণ জাল সংগ্রহের প্রক্রিয়া চলছে। তবুও চলমান অভিযানের পরিধির তুলনায় তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন সামরিক কর্মকর্তারা।

সামরিক বিশ্লেষকদের ধারণা, আধুনিক যুদ্ধে স্বল্পমূল্যের ড্রোন প্রযুক্তি এখন প্রচলিত সামরিক শক্তিকেও নতুনভাবে চ্যালেঞ্জের মুখে ফেলছে। ফলে ভবিষ্যৎ যুদ্ধ কৌশলে কম খরচের প্রতিরোধব্যবস্থা এবং অভিযোজন সক্ষমতা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman