দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বিশ্বকাপের ইতিহাসে আবারও জন্ম নিল এক বিস্ময়কর অঘটনের গল্প। যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে বৃহস্পতিবার রাতে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে রোমাঞ্চকর জয় তুলে নিল ইকুয়েডর। মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতেই এগিয়ে যাওয়া জার্মানি শেষ পর্যন্ত আর সামাল দিতে পারেনি দক্ষিণ আমেরিকার দলটির প্রতিরোধ।
ম্যাচের বয়স তখন মাত্র দুই মিনিট। লেরয় সানের নিখুঁত শটে এগিয়ে যায় জার্মানি। তবে এই লিড দীর্ঘস্থায়ী হয়নি একদমই। নয় মিনিটের মাথায় ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে সমতা আনেন নিলসন আঙ্গুলো, যা ছিল চলতি বিশ্বকাপে ইকুয়েডরের প্রথম গোল। বিরতির পরও উত্তেজনা কমেনি। দ্বিতীয়ার্ধ শুরুর কিছুক্ষণ পরই জার্মানি একটি পেনাল্টি পেয়েছিল, তবে ভিএআর পর্যালোচনায় তা বাতিল হয়ে যায় বিল্ডআপে ফাউলের কারণে।
ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় ৭৭ মিনিটে। কর্নার থেকে কেভিন রদ্রিগেজের হেডে বল পেয়ে যান গঞ্জালো প্লাটা, এবং নিজের পায়ের ছোঁয়ায় জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়ারকে পরাস্ত করেন তিনি। এই গোলেই নিশ্চিত হয় ইকুয়েডরের নকআউট পর্বের টিকিট। উল্লেখ্য আগের ম্যাচে মাথায় চোট পেয়েছিলেন প্লাটা, তারপরও দলের জয়ের নায়ক হয়ে উঠলেন তিনি।
এই হারে জার্মানির টানা এগারো ম্যাচে অপরাজিত থাকার ধারা ভেঙে যায়, যা তাদের নিজেদের রেকর্ডের চেয়ে কেবল একটি ম্যাচ কম। তবু গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে আগেই নকআউট নিশ্চিত করা জার্মানি গোল ব্যবধানের সুবাদে শীর্ষ স্থান নিয়েই গ্রুপ ই থেকে উঠে গেছে শেষ বত্রিশে। ২০১৪ সালে শিরোপা জেতার পর এটিই জার্মানির প্রথম নকআউট পর্বে ওঠা, কারণ পরের দুই আসরেই গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের।
একই সময়ে ফিলাডেলফিয়ায় নিকোলাস পেপের জোড়া গোলে কুরাসাওকে ২-০ গোলে হারিয়ে রানার্সআপ হিসেবে নকআউটে জায়গা করে নেয় আইভরিকোস্ট। দেশের ইতিহাসে এটিই প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার ঘটনা, যা চতুর্থ বিশ্বকাপ আসরে অংশ নেওয়া আফ্রিকান দলটির জন্য এক ঐতিহাসিক অর্জন। চার পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে থেকেও নকআউটে জায়গা করে নিয়েছে ইকুয়েডর, কারণ তারা আছে তৃতীয় স্থানে থাকা দলগুলোর তালিকার শীর্ষে।
২০০৬ বিশ্বকাপের পর এটিই তাদের দ্বিতীয়বার নকআউটে ওঠার ঘটনা। অন্যদিকে ইকুয়েডরের এই জয়ে বড় ধাক্কা খেল স্কটল্যান্ড। তিন পয়েন্ট ও মাইনাস তিন গোল ব্যবধান নিয়ে তৃতীয় স্থানের দলগুলোর তালিকায় তলানির দিকে নেমে গেছে স্টিভ ক্লার্কের দল, যাদের নকআউটে ওঠার আশা এখন অন্য গ্রুপের ফলাফলের ওপর নির্ভরশীল।
আগামী সোমবার ম্যাসাচুসেটসের ফক্সবরোতে নকআউট পর্বের প্রথম ম্যাচে মাঠে নামবে জার্মানি, যেখানে প্রতিপক্ষ হতে পারে প্যারাগুয়ে অস্ট্রেলিয়া বা সুইডেন। আর ইকুয়েডরকে প্রতিপক্ষ পেতে অপেক্ষা করতে হবে অন্য গ্রুপের শেষ ফলাফলের জন্য, যেখানে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ড।
